সরকারি চাহিদা অনুযায়ী ক্রমবর্ধমান জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে আরামকো ট্রেডিং সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেডের সঙ্গে স্বল্পমেয়াদি চুক্তির মাধ্যমে সরকার থেকে সরকার (জিটুজি) পদ্ধতিতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার প্রস্তাব নীতিগতভাবে অনুমোদন পেয়েছে।
বুধবার (১২ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে অর্থনৈতিক বিষয়াদি সংক্রান্ত উপদেষ্টা পরিষদের ৩৭তম সভায় এই অনুমোদন দেওয়া হয়। সভার সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উপস্থাপিত প্রস্তাব অনুযায়ী, ২০০৬ সালের সরকারি ক্রয় আইনের ৬৮ ধারা এবং সরকারি ক্রয় বিধিমালা ২০২৫-এর প্রাসঙ্গিক বিধান অনুযায়ী এলএনজি ক্রয়ের প্রক্রিয়া স্বল্পমেয়াদি ভিত্তিতে সম্পন্ন করার অনুমোদন প্রদান করা হয়।
উক্ত অর্থনৈতিক বিষয়ক কমিটির সভায় বাণিজ্য, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, জ্বালানি ও নৌপরিবহণ খাতসহ চারটি গুরুত্বপূর্ণ খাতের চারটি প্রস্তাব নীতিগতভাবে অনুমোদন করা হয়।
মন্ত্রিপরিষদ বিভাগের তথ্য অনুযায়ী, এই প্রস্তাবগুলো উপস্থাপন করেন বাণিজ্য মন্ত্রণালয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং নৌপরিবহণ মন্ত্রণালয়।
বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, নিলামের মাধ্যমে পাঁচ বছরের বেশি পুরোনো মোটরযান মুক্তির প্রক্রিয়া অনুমোদিত হয়।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রস্তাবের ভিত্তিতে গাজীপুরের কালিয়াকৈর হাইটেক পার্কে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) মডেলে একটি ই-ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যান্ট স্থাপনের নীতিগত অনুমোদন দেওয়া হয়।
এছাড়া, নৌপরিবহণ মন্ত্রণালয়ের প্রস্তাবের ওপর ভিত্তি করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং ডেনমার্কের এপিএম টার্মিনালস বিভির মধ্যে ‘পিপিপি মডেলে চট্টগ্রাম বন্দরে লালদিয়া কনটেইনার টার্মিনাল স্থাপন ও পরিচালনা’ প্রকল্পের কনসেশন চুক্তি নীতিগতভাবে অনুমোদন করা হয়।
প্রকল্পটি ৪৮ বছরের মেয়াদে নকশা, নির্মাণ, অর্থায়ন, পরিচালনা ও হস্তান্তর (ডিবিএফওটি) কাঠামোর অধীনে বাস্তবায়িত হবে। এর মধ্যে মূল কনসেশন সময় ৩৩ বছর এবং অতিরিক্ত সম্প্রসারণের জন্য ১৫ বছর নির্ধারণ করা হয়েছে।





