নিজস্ব প্রতিবেদক ( চুয়াডাঙ্গা ) :
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার জামজামি বাজার সংলগ্ন নারায়ণপুর গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে এক বসতবাড়িতে পরিকল্পিত হামলা, ভাঙচুর, মারধর ও নগদ অর্থ-স্বর্ণালংকার লুটের ঘটনা ঘটেছে।
হামলায় ৪ থেকে ৫ জন আহত হয়ে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। ভুক্তভোগী পরিবারটি বর্তমানে সন্ত্রাসীদের ভয়ে বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নারায়ণপুর গ্রামের মরহুম আমানত মন্ডলের ছোট ছেলে আব্দুল মতিন (৪৮)-এর বসতবাড়িতে এই হামলা চালানো হয়।
অভিযুক্তরা হলেন একই গ্রামের: মৃত তোরাব আলির ছেলে বাবুল (৩৭),মৃত মনির উদ্দিনের ছেলে মো: দুলু, মৃত গোলাপ মন্ডলের ছেলে মো: ইজাজুল, মতিয়ার রহমানের ছেলে মো: দুখু মিয়া, মো: দুলু মিয়ার ছেলে মো: মাসুদ,
মৃত তুরাপ আলির ছেলে মো: টেংরা, মো: টেংরার ছেলে মো: তুতা, মো: পচা মিয়ার ছেলে মো: তিতু, মো: বাবুল এর মেয়ে ঋতু, মৃত তুরাপ আলীর ছেলে মো: পচা।

এছাড়াও এই সন্ত্রাসী গোষ্ঠীর জোগানদাতা ও হুকুমদাতা হিসেবে একই গ্রামের মরহুম গোলাপ মন্ডলের ছেলে মো: মতিয়ার রহমান (৬০)-এর নাম উঠে এসেছে।
জানা গেছে, মরহুম আমানত মন্ডলের রেকর্ডভুক্ত সম্পত্তিতে তার পরিবার প্রায় ৭০ বছর ধরে বসবাস করছে। তাঁর মৃত্যুর পর ওয়ারিশ সূত্রে জমির ভাগাভাগি নিয়ে ভাই-বোনদের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়। এই সুযোগে পাশের বাড়ির অভিযুক্ত সন্ত্রাসী গোষ্ঠী আদালত অবমাননা করে মাঝেমধ্যেই জমি দখল ও মারামারির চেষ্টা চালায়।
শান্তি-শৃঙ্খলা ভঙ্গের কারণে আব্দুল মতিন গত ০৬/০৪/২০২৫ ইং তারিখে বিজ্ঞ আদালতে একটি মামলা (ফো: কা: বি: ১৪৫ (১) ধারা, পিটিশন নং ২৬১/২৫ খ্রিষ্টাব্দ) দায়ের করেন। আদালত মামলাটি তদন্তের জন্য ডিবি পুলিশকে দায়িত্ব দেয় এবং তদন্ত রিপোর্টে আব্দুল মতিনের পক্ষেই রায় দেওয়া হয়।
পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ
তদন্ত রিপোর্ট পক্ষে থাকা সত্ত্বেও, সন্ত্রাসীদের অব্যাহত হুমকির মুখে আব্দুল মতিন পরিবার নিয়ে বাড়িছাড়া। ভুক্তভোগী আব্দুল মতিনের অভিযোগ, বিষয়টি নিয়ে আলমডাঙ্গা থানায় একাধিকবার অভিযোগ জানিয়েও কোনো প্রতিকার মেলেনি।
উপরন্তু, স্থানীয় থানার উপপরিদর্শক (এসআই) সঞ্জিত এবং জামজামি পুলিশ ফাঁড়ির এসআই রোকন ন্যায়বিচারের পরিবর্তে মামলার বাদীকে নানাভাবে হয়রানি করছেন। এমনকি এসআই রোকন তাকে থানায় এসে আসামিদের সাথে আপোস করার জন্য চাপ প্রয়োগ করছেন বলেও তিনি অভিযোগ করেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অভিযোগ দায়ের
নিরুপায় হয়ে, ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে আব্দুল মতিন গত ১১/১১/২০২৫ ইং তারিখে সিনিয়র সচিব, জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এলাকাবাসীর দাবি, এই সন্ত্রাসী গোষ্ঠী বিভিন্ন সময়ে জমি দখল, চুরি, ডাকাতি ও ছিনতাইসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে নিরীহ মানুষকে হয়রানি করে চলেছে। তাদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে এলাকায় শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য তারা প্রশাসনের প্রতি জোর অনুরোধ জানিয়েছেন।





