অরবিন্দ রায় ( স্টাফ রিপোর্টার ) :
নরসিংদীতে ৭১ ইউনিয়ন পরিষদের সচিব দুর্নীতি, হয়রানি প্রতিরোধসহ সেবার মান বাড়াতে দীর্ঘদিন ধরে একই ইউনিয়ন পরিষদে কর্মরত থাকা প্রশাসনিক কর্মকর্তা (সচিব) পর্যায়ক্রমে বদলি করার কাজ শুরু হচ্ছে। আগামী নির্বাচনে আগে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত ও সাধারণ মানুষের শতভাগ সেবার মান নিশ্চিত করতে এমন উদ্যোগ নিয়েছে নরসিংদী জেলা প্রশাসন। নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনোয়ার হোসাইন এ সব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, চলতি মাসের মধ্যে কয়েকটি পর্যায়ে এ কার্যক্রম অব্যাহত থাকবে। জেলা প্রশাসনের এমন কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন সচেতন মহল।
জানা যায়, নরসিংদীর ৬ টি উপজেলায় মোট ৭১টি ইউনিয়ন পরিষদ রয়েছে। এর মধ্যে অনেক ইউনিয়ন পরিষদ সচিবরা নির্বাচনি নিজ এলাকায় কর্মস্থলে রয়েছেন। শুধু তাই নয়, পলাশ উপজেলাসহ বিভিন্ন উপজেলায় নিজ ইউনিয়নে সচিব পদে দায়িত্ব পালন করছেন। ফলে প্রতিনিয়ত বিভিন্ন অভিযোগ আসছে জেলা প্রশাসনের কাছে। এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আগে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত ও সাধারণ মানুষের শতভাগ সেবারমান নিশ্চিত করতে এমন উদ্যোগ নিয়েছেন নরসিংদী জেলা প্রশাসন।
নরসিংদী স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ মনোয়ার হোসেন বলেন, অনেক ইউনিয়ন সচিব দীর্ঘদিন যাবৎ একই কর্মস্থলে কর্মরত রয়েছেন। এ বিষয়ে আগে কোন পরিপত্র ছিল না। বর্তমানে সিদ্ধান্ত হয়েছে আগামী নির্বাচনে আগে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত ও সাধারণ মানুষের শতভাগ সেবারমান নিশ্চিত করতে ও কাজের গতিশীলতা ফিরিয়ে আনার লক্ষ্যে প্রশাসনিক স্বার্থে বদলি কার্যক্রম শুরু হচ্ছে। বিভিন্ন তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।
জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন জানান, উপজেলাগুলোতে যাচাই-বাছাই চলছে। আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব বদলি কার্যক্রম শুরু করা হবে।





