শনিবার, ২৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

যশোরে গভীর রাতে ককটেল হামলা: আতঙ্কিত আওয়ামী লীগ কর্মী

জুম্মান হোসেন, যশোর প্রতিনিধি : 
যশোরে এক রাতে আওয়ামী লীগের তিন সক্রিয় কর্মীর বাড়িতে ককটেল হামলার অভিযোগ উঠেছে। বুধবার গভীর রাতে যশোর সদর উপজেলার সুজলপুর এবং হ্যাচারিপাড়ায় কয়েক মিনিটের ব্যবধানে দুর্বৃত্তরা পরপর এই হামলাগুলো চালায়।
জানা গেছে, যশোর সদর উপজেলার সুজলপুর এবং হ্যাচারিপাড়ার বাসিন্দা কসাই নজরুল, শরীফ ও কসাই রফিক—এই তিনজনই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তাদের লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছে।
স্থানীয়রা জানান, গভীর রাতে হ্যাচারিপাড়ায় কসাই রফিকের বাড়িতে প্রথমে ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। এর কয়েক মিনিটের ব্যবধানে একই কায়দায় হ্যাচারিপাড়ায় কসাই নজরুলের বাড়িতেও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত মোটরসাইকেলে করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। একই সময়ে তৃতীয় কর্মী শরীফের বাড়িতেও হামলার ঘটনা ঘটে।
কসাই রফিকের ছেলে সুমন ইসলাম এ বিষয়ে বলেন, “৭-৮ জন মোটরসাইকেলে এসেছিল। তাদের মুখ বাঁধা ছিল এবং অনেকে হেলমেট পরা ছিল। আতঙ্কে আমরা কাউকেই চিনতে পারিনি।”
আওয়ামী লীগ কর্মীদের বাড়িতে এই ধরনের হামলায় এলাকায় তীব্র আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে।
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা এই হামলার সঙ্গে জড়িত, তা চিহ্নিত করে দ্রুত তাদের গ্রেপ্তার করার জন্য অভিযান চলছে।”
রাজনৈতিক অস্থিরতার জেরে এই হামলা হয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।
শেয়ার করুন