রাজধানীর বাড্ডার কমিশনার গলিতে গুলিতে মামুন শিকদার (৩৯) নামে একজন নিহত হয়েছেন।
বুধবার (১২ নভেম্বর) ভোরে এই ঘটনা ঘটে। দুপুরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
নিহত মামুন শিকদারের বাড়ি পটুয়াখালীর দুমকি থানার আলগি গ্রামে।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, কে বা কারা মামুন শিকদারকে গুলি করেছে তা এখনও জানা যায়নি। ঘটনাস্থলেই তিনি মারা যান।
ওসি বলেন, নিহত ব্যক্তি একজন শ্রমজীবী ছিলেন। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের জন্য বিভিন্ন টিম কাজ করছে। মামুন যে বাসায় গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন, তিনি সেখানে স্থায়ীভাবে থাকতেন না।
তিনি আরও জানান, মধ্য বাড্ডার কমিশনার গলির একটি মেসের নিচতলায় এ ঘটনা ঘটেছে।





