ভ্রমণে বের হয়ে হঠাৎ মোবাইল ডাটা শেষ হয়ে যাওয়া বা দূরবর্তী এলাকায় নেটওয়ার্ক না থাকার কারণে দিকনির্দেশনা হারানো একটি সাধারণ সমস্যা। তবে খুব কম মানুষই জানেন, গুগল ম্যাপ ইন্টারনেট ছাড়াই ব্যবহার করা যায়।
গুগল ম্যাপের এই জনপ্রিয় ফিচারের মাধ্যমে বিশ্বের যেকোনো শহর, রাস্তা বা স্থান এখন হাতের মুঠোয় সহজেই খুঁজে পাওয়া সম্ভব। এর জন্য অবশ্য আপনাকে আগেই নির্দিষ্ট এলাকার মানচিত্র ফোনে সংরক্ষণ করতে হবে।
একবার ম্যাপ ডাউনলোড করে নিলে, ইন্টারনেট না থাকলেও সেখানে থাকা রুট, ন্যাভিগেশন, রাস্তার তথ্য এবং গুরুত্বপূর্ণ স্থান যেমন ফুয়েল স্টেশন, রেস্টুরেন্ট, হাসপাতাল ইত্যাদি অফলাইনে দেখা যাবে। এছাড়া লোকেশন সার্চ ও নেভিগেশনও করা যায়। তবে রিয়েল-টাইম ট্রাফিক, হেঁটে বা সাইকেল চালানোর রুট এবং বিকল্প পথ দেখাবে না।
গুগল ম্যাপ অফলাইনে ব্যবহারের জন্য ডাউনলোড করার ধাপগুলো হলো:
– আপনার ফোনে গুগল ম্যাপ অ্যাপ খুলুন।
– ডানদিকের প্রোফাইল আইকনে ট্যাপ করুন।
– Offline Maps অপশনে যান।
– Select your own map অপশনটি নির্বাচন করুন।
– ডাউনলোড করতে চান এমন এলাকার মানচিত্র চিহ্নিত করে Download-এ ট্যাপ করুন।
একবার ডাউনলোড হয়ে গেলে, ইন্টারনেট সংযোগ ছাড়াই সেই মানচিত্র ব্যবহার করতে পারবেন। তবে মনে রাখবেন, ডাউনলোড করা ম্যাপ শুধুমাত্র সেই এলাকার পূর্বনির্ধারিত রুট ও তথ্য দেখাবে।
অফলাইন ম্যাপগুলি সীমিত সময়ের জন্য কার্যকর থাকে। সাধারণত ১৫ দিনের মধ্যে এগুলি এক্সপায়ার হয়ে যায়। এক্সপায়ারের পর, যদি আপনার ডিভাইসে Wi-Fi সংযোগ থাকে, গুগল ম্যাপ স্বয়ংক্রিয়ভাবে মানচিত্রটি আপডেট করে।





