লতিফুল করিম, বগুড়া প্রতিনিধি :
বগুড়ায় তোজাম্মেল হক হত্যার দায়ে তিনজনকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার (১১ নভেম্বর) বগুড়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শাজাহান কবির এ রায় ঘোষণা করেন। এ ছাড়া এ মামলায় দুজন আসামি অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদের বিচার শিশু আদালতে চলমান রয়েছে এবং শান্ত সাকিদার নামের এক আসামিকে খালাস দেওয়া হয়েছে ।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন বাবুল প্রামাণিক (২৮), মানিক (২৮) এবং মিশু (২৭)। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন পিন্টু ওরফে মাজেদুর রহমান (৪০), দেলোয়ার হোসেন দুলু (৫৮) এবং আশিক (২৮)। সাজাপ্রাপ্তদের মধ্যে পিন্টু মিয়া নামের এক আসামি আদালতে উপস্থিত ছিলেন, অন্যরা পলাতক রয়েছে।
বগুড়া জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর আব্দুল বাছেদ জানান গত ২৭ নভেম্বর ২০১৭ সালে গাবতলী উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের বটিয়াভাঙ্গা এলাকায় ইউপি চেয়ারম্যান প্রার্থী তোজাম্মেল হককে (৪৫) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয় । দীর্ঘ শুনানি সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এ রায় প্রদান করেন।
অপর দিকে হত্যাকাণ্ডের আট বছর পর আদালত এ রায় দেওয়ায় নিহত পরিবারের সদস্যরা সন্তোষ প্রকাশ করে বলেন , সাজাপ্রাপ্ত আসামিদের অধিকাংশই পলাতক থাকায় ভুক্তভোগী পরিবার চরম নিরাপত্তাহীনতায় রয়েছে বলে অভিযোগ করা হয়।





