জুম্মান হোসেন, যশোর প্রতিনিধি :
যশোরের কচুয়াতে গভীর রাতে গরু চুরির চেষ্টার সময় জনতার হাতে ধরা পড়ে গণপিটুনিতে গুরুতর আহত হয়েছেন এক চোরাকারবারি। এই ঘটনায় ক্ষুব্ধ জনতা চোরদের ফেলে যাওয়া গাড়িতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত চোরকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে ঘটনাটি ঘটে বুধবার দিবাগত রাত ৩টার দিকে, যশোর সদর উপজেলার কচুয়া ইউনিয়নের রায়মানিক গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, সংঘবদ্ধ গরু চোরের একটি দল রায়মানিক গ্রামের বাহারুল ইসলাম (৪৫) ও পলাশ (২৪)-এর বাড়িতে গরু চুরির উদ্দেশ্যে প্রবেশ করে। শেষ রাতে তারা গোয়ালঘর থেকে গরু চুরি করে ট্রাকে তোলার চেষ্টা করছিল। এ সময় বাড়ির লোকজন ও আশপাশের মানুষ বিষয়টি টের পেয়ে চোরদের ধাওয়া দেয়।
এ সময় চোর দলের এক সদস্য হাসান (২২) জনতার হাতে ধরা পড়লে বাকিরা দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা হাসানকে আটক করে বিক্ষুব্ধ হয়ে গণপিটুনি দেয় এবং চোরদের ফেলে যাওয়া পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেয়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় চাঁনপাড়া পুলিশ ক্যাম্পের একটি টহল দল। তারা জনতার হাত থেকে আহত চোরকে উদ্ধার করে ভোরে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে হাসান পুলিশি প্রহরায় হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে সংঘর্ষে আহত ভুক্তভোগী পলাশকেও একই হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত চোর হাসান খুলনা জেলার আড়ংঘাটা থানার বকুলতলা গ্রামের বাসিন্দা আজিদের ছেলে বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, গরু চুরি ও গণপিটুনির ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।





