সাভারের আশুলিয়ায় পার্কিং করা একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন বাসচালক, যিনি ঘটনার সময় বাসের ভেতরেই ঘুমিয়ে ছিলেন।
বুধবার (১২ নভেম্বর) ভোরে আশুলিয়ার সরকার মার্কেট এলাকার নারী ও শিশু হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী।
স্থানীয়দের বরাতে জানা যায়, ভোর পৌনে ৫টার দিকে দুটি মোটরসাইকেলে আসা চারজন মুখোশধারী ব্যক্তি আলিফ পরিবহনের পার্কিং করা বাসটিতে আগুন ধরিয়ে দ্রুত সরে যায়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ডিইপিজেড ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে ১০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বাসের ভেতরের অংশ পুরোপুরি পুড়ে যায়।
বাসের চালক সাত্তার জানান, তিনি বাসের ভেতর ঘুমাচ্ছিলেন। হঠাৎ আগুনের গন্ধ পেয়ে জানালা দিয়ে লাফিয়ে বের হয়ে আসেন। বাইরে এসে দেখেন, দুইটি মোটরসাইকেলে চারজন লোক দাঁড়িয়ে আছে, সবার মুখ হেলমেট দিয়ে ঢাকা। “আমি চিৎকার দিলে তারা ফাঁকা গুলি ছুড়ে ভয় সৃষ্টি করে পালিয়ে যায়,” বলেন তিনি। এসময় সাত্তার হাঁটুতে আঘাত পান।
ফায়ার সার্ভিস কর্মকর্তা প্রণব চৌধুরী বলেন, “আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনার কারণ অনুসন্ধান চলছে।”





