২০২৪ সালের ৯ অক্টোবর নিয়োগ পাওয়া হাইকোর্টের ২২ অতিরিক্ত বিচারপতিকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। তবে এই তালিকা থেকে বাদ পড়েছেন বিএনপি নেতা নিতাই রায় চৌধুরীর ছেলে, বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী।
মঙ্গলবার (১১ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয় থেকে ২২ জনকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা
হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি সংবিধানের ৯৫ অনুচ্ছেদ অনুসারে প্রধান বিচারপতির পরামর্শক্রমে হাইকোর্টের নিম্নবর্ণিত ২২ জন অতিরিক্ত বিচারককে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন।
নিয়োগপ্রাপ্ত বিচারপতিরা হলেন: মো. গোলাম মর্তুজা মজুমদার, সৈয়দ এনায়েত হোসেন, মো. মনসুর আলম, সৈয়দ জাহেদ মনসুর, কে এম রাশেদুজ্জামান রাজা, মো. যাবিদ হোসেন, মুবিনা আসাফ, কাজী ওয়ালিউল ইসলাম, আইনুন নাহার সিদ্দিকা, মো. আবদুল মান্নান, তামান্না রহমান খালিদী, মো. শফিউল আলম মাহমুদ, মো. হামিদুর রহমান, নাসরিন আক্তার, সাথীকা হোসেন, সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেন, মো. তৌফিক ইনাম, ইউসুফ আব্দুল্লাহ সুমন, শেখ তাহসিন আলী, ফয়েজ আহমেদ, মো. সগীর হোসেন এবং শিকদার মাহমুদুর রাজী।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, এই নিয়োগ শপথ গ্রহণের তারিখ থেকে কার্যকর হবে।
এর আগে ২০২৪ সালের ৯ অক্টোবর সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ২৩ জনকে দুই বছরের জন্য অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল; বর্তমানে তাদের মধ্যে একজন বাদ দিয়ে ২২ জনকে স্থায়ী করা হলো।





