সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজশাহীর তানোরে র‍্যাব-৫ এর অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

অপু দাস, স্টাফ রিপোর্টার :
রাজশাহীর তানোর উপজেলায় র‍্যাব-৫ এর সিপিএসসি, রাজশাহী ক্যাম্পের বিশেষ অভিযানে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য, একটি মোটরসাইকেল, মোবাইলফোন ও একটি টিপচাকু উদ্ধার করে র‍্যাব।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১০ নভেম্বর ২০২৫) বিকেল ৫টার দিকে হাটদহ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় র‍্যাব সদস্যরা মাদক ব্যবসায়ী রবিউল ইসলাম ও রুবেল আলীকে আটক করে। তারা উভয়েই রাজশাহীর তানোর থানার বাসিন্দা।
র‍্যাব জানায়, আটক আসামিদের দেহ তল্লাশি করে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৬০ পিস ইয়াবা, একটি মোটরসাইকেল, চারটি মোবাইল ফোন ও একটি টিপচাকু উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে, তারা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে অবৈধ মাদক বাণিজ্যের সঙ্গে জড়িত। সীমান্ত এলাকা থেকে ইয়াবা, ট্যাপেন্টাডল, গাঁজা ও ফেন্সিডিল সংগ্রহ করে রাজশাহীসহ আশপাশের এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করত তারা।
র‍্যাব সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতরা স্থানীয় চিহ্নিত মাদকচক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে তানোর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
র‍্যাব-৫ কর্তৃপক্ষ জানায়, সমাজ থেকে মাদক নির্মূলে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
শেয়ার করুন