জলিলুর রহমান, সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের তাড়াশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন—তাড়াশ উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি গামছা শরীফ ও মাধাইনগর ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক শাহ আলম।
সোমবার (১১ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে নিজ নিজ বাড়ি থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান।
তিনি বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হামলার ঘটনায় দায়ের করা মামলায় তারা দুইজনই এজাহারনামীয় আসামি। সোমবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। পরে মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে দেশজুড়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে সিরাজগঞ্জসহ বিভিন্ন জেলায় সংঘর্ষ, হামলা ও হত্যার ঘটনা ঘটে। এসব ঘটনার পর একাধিক মামলা দায়ের হয়, যার ধারাবাহিকতায় তাড়াশেও এ মামলায় গ্রেপ্তার অভিযান পরিচালনা করছে পুলিশ।
স্থানীয় রাজনৈতিক মহলে গ্রেপ্তার দুজনের ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ এটিকে “আইনানুগ প্রক্রিয়া” হিসেবে দেখছেন, আবার কেউ বলছেন, “বিরোধীদের দমনমূলক পদক্ষেপের অংশ” এটি।
পুলিশ জানায়, মামলার অন্যান্য আসামিদেরও চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।





