শনিবার, ১৩ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

এক বছরে সয়াবিন তেলের দাম বেড়েছে ১৪ শতাংশ: টিসিবি

বছরের শেষ দিকে এসে আবারও বাড়তে চলেছে ভোজ্যতেলের দাম। বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন (বিটিটিসি) প্রতি লিটার সয়াবিন তেলের দাম ৯ টাকা ২৭ পয়সা বাড়ানোর প্রস্তাব দিয়েছে।

সোমবার (১০ নভেম্বর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, এলসি মূল্য, ইনবন্ড ও এক্সবন্ড খরচ এবং ডলারের বিনিময় হার বৃদ্ধি পাওয়ায় তেলের দাম সমন্বয়ের এই সুপারিশ করা হয়েছে।

বিটিটিসির তথ্য অনুসারে, গত ২৭ জুলাই অনুষ্ঠিত মূল্য নির্ধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী ৩ আগস্ট থেকে বোতলজাত সয়াবিন তেলের দাম নির্ধারিত হয় লিটারপ্রতি ১৮৯ টাকা। তবে পরবর্তী সময়ে আন্তর্জাতিক বাজারে তেলের দামে অস্থিরতা এবং ডলারের মূল্যবৃদ্ধির কারণে আমদানি ব্যয় বেড়ে গেছে।

নভেম্বরের শুরুতে বৈশ্বিক বাজারে প্রতি টন সয়াবিন তেলের দাম দাঁড়িয়েছে ১ হাজার ৬২ ডলার এবং পাম তেলের দাম ১ হাজার ৩৭ ডলার। এই পরিস্থিতিতে দেশে নতুন করে মূল্য সমন্বয়ের প্রয়োজন দেখা দিয়েছে।

প্রস্তাব অনুযায়ী, প্রতি ডলারের বিনিময় হার ধরা হয়েছে ১২২ টাকা ৬০ পয়সা। এর ফলে বোতলজাত সয়াবিন তেলের নতুন প্রস্তাবিত খুচরা মূল্য দাঁড়াবে লিটারপ্রতি ১৯৮ টাকা ২৭ পয়সা, যা বর্তমান দামের চেয়ে ৯ টাকা ২৭ পয়সা বেশি। একইভাবে খোলা সয়াবিন তেলের দাম বাড়িয়ে ১৭৭ টাকা ৮৫ পয়সা করার প্রস্তাব দেওয়া হয়েছে, যা পূর্বের চেয়ে ৮ টাকা ৮৫ পয়সা বেশি।

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্যমতে, গত এক বছরে বোতলজাত সয়াবিন তেলের দাম প্রায় ১৪ শতাংশ বেড়েছে।

শেয়ার করুন