যুক্তরাষ্ট্র সরকারে রেকর্ড ৪০ দিন ধরে চলা শাটডাউন বা অচলাবস্থা শেষ হতে যাচ্ছে। রবিবার (৯ নভেম্বর) কেন্দ্রীয় সরকারের তহবিল পুনরায় চালু করার জন্য মার্কিন সিনেটে একটি বিল পাস হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
সরকারি ব্যয়ের বাজেট পাস না হওয়ায় বহু সরকারি কার্যক্রম কার্যত বন্ধ হয়ে গেছে। বিশেষ করে দেশে উড়োজাহাজ চলাচল ব্যাপকভাবে ব্যাহত হয়েছে।
সিএনএন, ফক্স নিউজসহ একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, স্বাস্থ্যসেবা ভর্তুকি, খাদ্য সহায়তা এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকারি কর্মী বরখাস্তের সিদ্ধান্ত নিয়ে টানাপোড়েনের পর আইনপ্রণেতারা আগামী জানুয়ারি পর্যন্ত সরকারের তহবিল চালু রাখতে একটি অস্থায়ী চুক্তিতে পৌঁছেছেন।
সিএনএনের খবরে বলা হয়েছে, কেন্দ্রীয় সরকারের ব্যয়-বরাদ্দসংক্রান্ত বিলটি সিনেটে ৬০-৪০ ভোটে পাস হয়। ভোটের প্রক্রিয়া প্রায় দুই ঘণ্টা চলে। সরকারের অচলাবস্থা কাটাতে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
তবে সিনেটে বিল পাস হলেও সরকারের পুরোপুরি অচলাবস্থা কাটাতে এখনো কিছু ধাপ বাকি রয়েছে।
মার্কিন সিনেটে মোট সদস্য সংখ্যা ১০০। বিল পাসের জন্য অন্তত ৬০ ভোট প্রয়োজন। এর আগে একাধিকবার প্রচেষ্টা নেওয়া হলেও প্রয়োজনীয় ভোট না পড়ায় বিল পাস হয়নি।
সিনেটে পাস হওয়া এই বিল এখন মার্কিন প্রতিনিধি পরিষদে যাবে। সেখানে বিল পাস হলে প্রেসিডেন্টের অনুমোদনের জন্য তা ট্রাম্পের কাছে পাঠানো হবে। প্রেসিডেন্ট সই করলে বিলটি চূড়ান্ত হবে।
গত ১ অক্টোবর থেকে যুক্তরাষ্ট্র সরকারে অচলাবস্থা চলছে।
ফ্লোরিডার মার-এ-লাগোতে সপ্তাহান্তের ছুটি কাটিয়ে হোয়াইট হাউজে ফিরে এসেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।





