শনিবার, ২৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

গণহত্যার প্রমাণ মুছতে লাশ পুড়াচ্ছে সুদানের আরএসএফ

গণহত্যার প্রমাণ গোপন করতে লাশ পুড়িয়ে ও গণকবরে পুঁতে ফেলছে সুদানের আধা-সামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) — এমন অভিযোগ তুলেছে দেশটির মেডিকেল সংগঠন সুদান ডক্টরস নেটওয়ার্ক। খবর আল জাজিরা

রোববার (৯ নভেম্বর) এক বিবৃতিতে সংস্থাটি জানায়, সুদানের পশ্চিম দারফুরের এল-ফাশের শহরের বিভিন্ন রাস্তা থেকে আরএসএফ সদস্যরা শত শত মরদেহ সরিয়ে নিচ্ছে। গত ২৬ অক্টোবর শহরটি দখলের পর তারা গণহত্যার প্রমাণ ধ্বংস করতে লাশ পুড়িয়ে ফেলছে।

বিবৃতিতে আরও বলা হয়, এল-ফাশেরে সংঘটিত হত্যাযজ্ঞ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; এটি আরএসএফের পরিচালিত ধারাবাহিক গণহত্যারই অংশ। সংগঠনটির অভিযোগ, মৃতদেহ বিকৃত করা ও মরদেহের সম্মানজনক দাফন থেকে বঞ্চিত করা আন্তর্জাতিক মানবাধিকার ও ধর্মীয় বিধানের সরাসরি লঙ্ঘন।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, আরএসএফ দেশটির শেষ সামরিক ঘাঁটি দখলের পর ব্যাপক গণহত্যা, ধর্ষণ ও নির্যাতনের ঘটনা ঘটেছে। এল-ফাশেরের ২ লাখ ৬০ হাজার বাসিন্দার মধ্যে প্রায় ৮২ হাজার মানুষ শহর ছেড়ে পালিয়েছে, তবে এখনো বহু মানুষ আটকা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে।

সুদানের রাজধানী খার্তুম থেকে আল জাজিরা-এর সাংবাদিক হিবা মরগান জানান, এল-ফাশের থেকে উত্তরের আল দাব্বাহ শহরে পালিয়ে আসার পথে অনেকে খাবার ও পানির অভাবে বা গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। তিনি আরও বলেন, পালিয়ে আসা কয়েকজন জানিয়েছেন—আরএসএফ যোদ্ধাদের পোস্ট করা সামাজিক যোগাযোগমাধ্যমের ভিডিও দেখে তারা নিজেদের আত্মীয়দের মৃত্যুর খবর জানতে পেরেছেন।

শেয়ার করুন