আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম বলেছেন, সেনা কর্মকর্তাদের বিচার সেনা আইন বা অন্য কোনো আইনে হবে না, এটি ট্রাইব্যুনালের নিজস্ব আইনে সম্পন্ন হবে। তিনি বলেন, দেশের আইনের প্রতি সেনাবাহিনীর সর্বোচ্চ সমর্থন রয়েছে।
রোববার (৯ নভেম্বর) দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে জুলাই গণঅভ্যুত্থানে চানখারপুলে ছয় হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রসিকিউটর এই মন্তব্য করেন।
তিনি আরও বলেন, “সেনা সদর দপ্তরের কর্মকর্তারা নির্ধারিত তারিখে ট্রাইব্যুনালে উপস্থিত হয়েছেন। আইন প্রয়োগে সহযোগিতার জন্য সেনাবাহিনীকে আমরা ধন্যবাদ জানাই।”
আইনি ব্যাখ্যা দিয়ে গাজী এমএইচ তামিম বলেন, “আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একটি বিশেষ আইন, যা সংবিধানের প্রথম সংশোধনী অনুযায়ী সংরক্ষিত। এই আইন দেশের সব আইনের ওপর প্রাধান্য রাখে। ফলে সেনা আইন বা অন্য কোনো আইনে বিচারের সুযোগ নেই।”
প্রসঙ্গত, ২২ অক্টোবর তিন মামলায় ১৫ সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয় এবং শুনানি শেষে তাদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। গুমের দুই মামলার পরবর্তী শুনানি ২৩ নভেম্বর এবং রামপুরায় ২৮ হত্যা মামলার শুনানি ২৪ নভেম্বর অনুষ্ঠিত হবে।





