রোববার গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে দলের নেতাদের সঙ্গে বৈঠক করে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) একটি প্রতিনিধি দল।
বৈঠকে আইএমএফ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন অ্যাডভাইজার টু দ্য বাংলাদেশ মিশন চিফ ক্রিস পাপাজর্জিউ। বিএনপি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। বৈঠকে ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, জিয়াউদ্দিন হায়দার এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।
বৈঠকে আলোচনার মূল বিষয় ছিল—মূল্য সংযোজন করের হারমোনাইজেশন ও ছাড় হ্রাস বা বিলোপ, করপোরেট কর বৃদ্ধি করে জিডিপি-টু-ট্যাক্স রেভিনিউ অনুপাত উন্নত করা, ব্যাংকিং খাতের সংস্কার এবং সামাজিক খাতে ব্যয় বৃদ্ধি।
বিএনপির নেতারা বলেন, বাংলাদেশের টেকসই অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য আর্থিক খাত, করব্যবস্থা ও সামাজিক খাতের সংস্কার অপরিহার্য। তারা বিশ্বাস করে, জবাবদিহিমূলক ও স্বচ্ছ আর্থিক ব্যবস্থাপনা ছাড়া দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি সম্ভব নয়।
আইএমএফ প্রতিনিধি দল বিএনপির প্রস্তাবিত নীতি ও সংস্কারভিত্তিক দৃষ্টিভঙ্গির প্রশংসা করেছে।





