শুক্রবার, ২৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

নির্বাচিত হলে কমলগঞ্জ হবে উন্নয়নশীল : মুজিব

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসন থেকে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজ্বী মুজিব) জানিয়েছেন, নির্বাচিত হলে তিনি কমলগঞ্জের কৃষি ও পর্যটন শিল্পের উন্নয়নে কাজ করবেন।

রবিবার (৯ নভেম্বর) দুপুর ১২ টায় কমলগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে নির্বাচিত কমিটি ও উপজেলার সকল সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে হাজ্বী মুজিব বলেন, “আমি নিজেও একজন কৃষকের সন্তান। তাই এলাকার কৃষি খাতের উন্নয়ন আমার প্রথম অগ্রাধিকার। ধলাই নদীর বন্যা প্রতিরক্ষা বাঁধের কারণে বর্ষায় কমলগঞ্জের অনেক অঞ্চল বন্যার কবলে পড়ে, এতে কৃষক ক্ষতিগ্রস্ত হন। টেকসই প্রতিরক্ষা বাঁধ নির্মাণ আমার লক্ষ্য।”

তিনি আরও বলেন, “কমলগঞ্জ-শ্রীমঙ্গল পর্যটন সমৃদ্ধ এলাকা। এই শিল্পের উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে কাজ করে অগ্রণী ভূমিকা রাখতে চাই। সকল ধর্ম, বর্ণ ও পেশার মানুষের সমান অধিকার নিশ্চিত করে এ অঞ্চলের সার্বিক উন্নয়নে কাজ করব। কোন দখলবাজ ও চাঁদাবাজদের এখানে ঠাঁই নেই। আপনাদের সহযোগিতায় আগামী দিনের উন্নয়ন তরান্বিত করতে চাই।”

প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি আশহাবুজ্জামান ইসলাম শাওনের সভাপতিত্বে এবং সাংবাদিক নির্মল সিংহ পলাশের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আবুল হোসেন, সাংবাদিক বিশ্বজিৎ রায়, সাজিদুর রহমান সাজু, এম. এ. ওয়াহিদ রুলু, প্রণিত রঞ্জন দেবনাথ, শাব্বীর এলাহী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহমেদুজ্জামান আলম, সহসাধারণ সম্পাদক আহাদ মিয়া ও সাংবাদিক সালাহউদ্দিন শুভ, জালাল চৌধুরী।

এসময় পৌর বিএনপি নেতা আজিজুর রহমান, রাসেল হাসান বক্ত, উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ হাবিবুর রহমান নোমানসহ কমলগঞ্জে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন