মোহাম্মদ গোলাম মোস্তফা, বকশীগ ঞ্জপ্রতিনিধি :
জামালপুরের দেওয়ানগঞ্জে নিজের ছেলে ও ভাতিজার বিরুদ্ধে জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন এক অসহায় বাবা।
রোববার (৯ নভেম্বর) সকালে দেওয়ানগঞ্জ উপজেলার তারাটিয়া বাজারে এ সংবাদ সম্মেলন করেন ডাংধরা ইউনিয়নের বাহাজ সরকার পাড়া এলাকার ভুক্তভোগী হাসমত আলী।
সংবাদ সম্মেলনে হাসমত আলী জানান, তিন মাস আগে তিনি প্রথম স্ত্রীকে তালাক দিয়ে পাশ্ববর্তী এলাকার নাছিমা আক্তার নামে এক নারীকে দ্বিতীয় বিয়ে করেন। এ ঘটনায় প্রথম স্ত্রী আরিফা বেগম ও দুই ছেলে আরিফুল ইসলাম ও আতিকুল ইসলাম ক্ষুব্ধ হয়ে ওঠেন।
তিনি আরও বলেন, “দুই মাস আগে দ্বিতীয় স্ত্রীকে নিয়ে বাড়িতে গেলে আমার দুই ছেলে আরিফুল, আতিক এবং ভাতিজা ফজলু মিয়া আমাকে মারধর করে রক্তাক্ত অবস্থায় বাড়ি থেকে বের করে দেয়। এ ঘটনায় আমি মামলা করি। পরে তারা জামিনে বের হয়ে আমাকে প্রাণনাশের হুমকি দিতে থাকে।”
ভুক্তভোগী হাসমত আলীর অভিযোগ, “আমার বাড়ি-ঘর, দোকান ও সম্পত্তি জোরপূর্বক দখল করে নিয়েছে তারা। আমাকে নিজের বাড়িতে ঢুকতে দিচ্ছে না। বর্তমানে আমি দুই মাস ধরে ফুফুর বাড়িতে আশ্রয় নিয়ে মানবেতর জীবনযাপন করছি।”
তিনি আরও বলেন, “বাড়িতে যেতে চাইলে ছেলে আরিফুল, আতিক ও ভাতিজা ফজলু আমাকে হত্যার হুমকি দিচ্ছে এবং মিথ্যা মামলায় জড়ানোর ভয় দেখাচ্ছে। আমি এখন চরম আতঙ্কে দিন কাটাচ্ছি।”
সংবাদ সম্মেলনে হাসমত আলী প্রশাসনের কাছে নিজের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা ও অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ সময় তার দ্বিতীয় স্ত্রী নাছিমা আক্তার উপস্থিত ছিলেন।





