বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

অবশেষে বিচ্ছেদ হচ্ছে ঐশ্বরিয়া শর্মা-নীল ভাটের

বিয়ের চার বছর পরই বিচ্ছেদের পথে হাঁটছেন ঐশ্বরিয়া-নীল

দীর্ঘদিন ধরেই বিচ্ছেদের গুঞ্জন শোবিজে ভেসে বেড়াচ্ছিল। সেই গুঞ্জন এবার সত্যি হলো—ভারতের ছোটপর্দার অভিনেত্রী ঐশ্বরিয়া শর্মা এবং বিগ বস তারকা নীল ভাট আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের পথে। ২০২১ সালে তারা চার হাত এক করে নতুন অধ্যায়ের সূচনা করেছিলেন, কিন্তু চার বছর পরই ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছেন।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, নীল ও ঐশ্বরিয়া কিছুদিন ধরে আলাদা থাকছেন। সেই সময়ে থেকেই তাদের বিচ্ছেদের খবর ছড়িয়ে পড়তে থাকে। বর্তমানে তারা আনুষ্ঠানিকভাবে ডিভোর্সের আবেদন দিয়েছেন এবং শিগগিরই তা সম্পন্ন হবে।

এর আগে ঐশ্বরিয়ার ঘর ভাঙার গুঞ্জন ছড়িয়ে পড়লে অভিনেত্রী নিজেই চটেছিলেন। গত জুনে যখন বিচ্ছেদের গুঞ্জন ওঠে, তখন সামাজিক মাধ্যমে পোস্টে তিনি লিখেছিলেন, “আমি দীর্ঘদিন ধরেই চুপ আছি। আমি দুর্বল নই, বরং শান্তি রক্ষা করছি। কিন্তু কেউ যেভাবে এমন কিছু লিখছে যা আমি কখনো বলিনি, সেটা ভুল।”

তিনি আরও লিখেছেন, “আপনারা এমন গল্প তৈরি করছেন যা আমি কখনো সমর্থন করি না। তথ্য বা জিজ্ঞাসা ছাড়াই নিজের মতো প্রচারের জন্য আমার নাম ব্যবহার করা খুবই দুঃখজনক।”

ঐশ্বরিয়া শর্মা স্টার প্লাসের রোমান্টিক নাটক ‘গুম হ্যায় কিসিকে পেয়ার মে’-এ ‘পাখি’ চরিত্রের মাধ্যমে পরিচিত। ২০২৩ সালে তিনি ‘ফিয়ার ফ্যাক্টর: খাতরোঁ কে খিলাড়ি ১৩’ এবং ‘বিগ বস ১৭’-এ অংশগ্রহণ করেছিলেন।

শেয়ার করুন