বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

রয়েল চ্যাম্পসের নতুন অধিনায়ক সাকিব

আবুধাবি টি-টেন লিগে এবারের আসরে রয়েল চ্যাম্পসের অধিনায়ক হিসেবে দেখা যাবে সাকিব আল হাসানকে।

শনিবার এক বিবৃতিতে দলটি নিশ্চিত করেছে, সাকিবকে অধিনায়ক করা হয়েছে। অধিনায়ক হিসেবে দায়িত্ব পাওয়ার পর সাকিব বলেন, “রয়েল চ্যাম্পসকে নেতৃত্ব দেয়া আমার জন্য সম্মানের বিষয়। এত প্রতিভাবান খেলোয়াড় এবং কোচিং স্টাফের সঙ্গে কাজ করতে পেরে আমি উৎসাহী। আমরা মাঠের ভেতরে এবং বাইরে উভয় ক্ষেত্রেই আকর্ষণ বয়ে আনার চেষ্টা করব এবং দর্শকদের একটি রোমাঞ্চপূর্ণ, প্রতিযোগিতামূলক মৌসুম উপহার দেব। নতুন দল হিসেবে আমাদের শক্তি এবং উদ্যম অসাধারণ।”

দলটির কোচ সার কোর্টনি ওয়ালশ বলেন, “আমরা এমন একটি সুষম দল গড়ে তোলার চেষ্টা করেছি যা আবুধাবি টি-টেনের দ্রুত গতির সাথে খাপ খাইয়ে নিতে পারবে। খেলোয়াড়রা তাদের ভূমিকা সম্পর্কে প্রতিশ্রুতিশীল এবং বোঝাপড়া প্রদর্শন করেছে, যা আমাদের নতুন মৌসুমে শক্তিশালী প্রভাব রাখতে গুরুত্বপূর্ণ হবে।”

দলের প্রধান নির্বাহী রাজশ্রী শেটে বলেন, “আমাদের লক্ষ্য ছিল এমন একটি দল গঠন করা যা দক্ষতা, সংকল্প এবং একতা প্রতিফলিত করে। দলের মধ্যে যে উদ্যম রয়েছে তা আশাব্যঞ্জক এবং আমরা নিশ্চিত রয়েল চ্যাম্পস এমন পারফরম্যান্স প্রদর্শন করবে যা আমাদের সফলতার ভিশনকে প্রতিফলিত করবে।”

রয়েল চ্যাম্পসের টি-টেন লিগের প্রথম ম্যাচ হবে ১৯ নভেম্বর। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দলের প্রতিপক্ষ ভিস্তা রাইডার্স।

শেয়ার করুন