মোঃ খায়রুল আলম নয়ন, সুন্দরগঞ্জ প্রতিনিধি :
ফজলা মিয়া (৪৫) দীর্ঘদিন ধরে কিডনি, হার্টের সমস্যা ও কোমরের হাড় ক্ষয়সহ নানা জটিল রোগে ভুগছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার দ্রুত অস্ত্রোপচার করা জরুরি। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ছাপড়হাটী গ্রামের বাসিন্দা ফজলা অর্থাভাবে চিকিৎসা চালিয়ে যেতে পারছেন না। ওষুধপত্রও নিয়মিত সেবন করা সম্ভব হচ্ছে না টাকার অভাবে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, টিনসেডের ছোট্ট ঘরে শয্যাশায়ী ফজলা মিয়া কথা বলতে গিয়েই হাঁপিয়ে উঠছেন। তার শারীরিক অবস্থা দিন দিন অবনতির দিকে যাচ্ছে। কষ্টভরা কণ্ঠে তিনি বলেন,আমার টাকা-পয়সা নাই। অনেক কষ্টে আছি। ডাক্তার বলছে অপারেশন লাগবে, কিন্তু টাকার জন্য পারতেছি না। আত্মীয়স্বজনের সহায়তায় কোনোমতে দিন চলছে।
তার স্ত্রী ফেরেজা বেগম জানান, চিকিৎসা ও অপারেশনে প্রায় পাঁচ-ছয় লাখ টাকা প্রয়োজন। কিন্তু তাদের সংসারে কোনো আয়রোজগারের পথ নেই।বহু কষ্টে মেয়েদের বিয়ে দিয়েছি। এখন সংসারে চরম অভাব। আমার স্বামীর জীবন বাঁচাতে সহৃদয় মানুষদের সহযোগিতা প্রয়োজন। যে যেভাবে পারেন, একটু সাহায্য করলে হয়তো তার জীবনটা বাঁচানো সম্ভব হবে।
প্রতিবেশীরা জানান, দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় ফজলা মিয়া কাজকর্ম করতে পারছেন না। সংসারে আয়রোজগারের কেউ না থাকায় পরিবারটি মানবেতর জীবনযাপন করছে।আমরা সাধ্যমতো সাহায্য করার চেষ্টা করি, কিন্তু আমাদের পক্ষে একা সম্ভব নয়। সবাই মিলে সহযোগিতা করলে ফজলা আবারও সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারবে।
মানবিক কারণে অসহায় ফজলা মিয়ার চিকিৎসায় সমাজের দানশীল ও সহৃদয় ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।





