শনিবার, ২৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

লেবাননে হাসপাতালে কাছে ইসরায়েলের ড্রোন হামলা

লেবাননের দক্ষিণাঞ্চলীয় বিনতে জ্বাইল এলাকায় একটি হাসপাতালে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ন্যাশনাল নিউজ এজেন্সি এবং আল জাজিরার খবরে বলা হয়েছে, হাসপাতালে আক্রমণ চালাতে একটি গাড়িতে বসানো ক্ষেপণাস্ত্র ড্রোন থেকে ছোড়া হয়। তবে এই হামলায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সাম্প্রতিক সময়ে লেবাননে ইসরায়েলি হামলা বেড়েছে। ইসরায়েল দাবি করছে, হিজবুল্লাহর যোদ্ধা এবং সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে এই অভিযান চালানো হচ্ছে। এক বছরের যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননের বিভিন্ন স্থানে হামলা চালাচ্ছে ইসরায়েল। হিজবুল্লাহ অভিযোগ করছে, ইসরায়েল লেবাননের অভ্যন্তরীণ বিভাজন কাজে লাগিয়ে নিরাপত্তা অভিযানের অজুহাতে হামলা চালাচ্ছে।

প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গত সপ্তাহে সতর্ক করে জানিয়েছিলেন, লেবাননের ওপর ইসরায়েলের আক্রমণ তীব্রতর হতে পারে। ২০২৪ সালের নভেম্বর থেকে ইসরায়েল ও ইরান সমর্থিত হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর থাকলেও, ইসরায়েলি সেনারা দক্ষিণ লেবাননের অন্তত পাঁচটি এলাকায় অবস্থান করছেন ও নিয়মিত হামলা চালাচ্ছেন।

গাজার যুদ্ধে ২০২৩ সালের অক্টোবরে সীমান্তে রকেট হামলা শুরু করে হিজবুল্লাহ। এতে উত্তর ইসরায়েলের হাজারো বাসিন্দা কয়েক মাস ধরে আশ্রয় নিতে বাধ্য হন। এক বছরের উত্তেজনার পর দুই পক্ষের খোলা যুদ্ধের অবসান ঘটে গত বছরের যুদ্ধবিরতির মাধ্যমে।

তবে যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েল হামলা বন্ধ করেনি। সাম্প্রতিক সময়ে তা আরও বেড়েছে। ২০২৪ সালের সেপ্টেম্বরে ইসরায়েল এক বিমান হামলায় হিজবুল্লাহর নেতা হাসান নাসরুল্লাহকে হত্যা করে, পাশাপাশি সংগঠনের আরও কয়েকজন শীর্ষ নেতা নিহত হন।

যুদ্ধবিরতির পর যুক্তরাষ্ট্র লেবানন সরকারকে হিজবুল্লাহকে নিরস্ত্র করার জন্য চাপ দিচ্ছে। তবে হিজবুল্লাহ ও তাদের মিত্ররা এই পদক্ষেপের বিরোধিতা করছে। লেবানন সরকার জানিয়েছে, দেশজুড়ে অস্ত্র নিয়ন্ত্রণ ও নজরদারি প্রতিষ্ঠার পরিকল্পনা শুরু হয়েছে, যার বাস্তবায়ন শুরু হয়েছে দক্ষিণাঞ্চল থেকে।

শেয়ার করুন