যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে এক পুলিশ সদস্যকে হত্যার পর মোটরসাইকেল নিয়ে পালানোর সময় অভিযুক্তকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ।
মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের ভিডিও প্রতিবেদনে দেখা গেছে, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে র্যাঞ্চো কুকাহমাঙ্গা শহরের হলিহক ড্রাইভ এলাকায় এক নারী অস্ত্রধারীর হুমকির শিকার হচ্ছেন, এমন খবর পেয়ে সান বার্নারদিনো কাউন্টি শেরিফের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। অভিযানের সময় সন্দেহভাজনের গুলিতে মারা যান ডেপুটি অ্যান্ড্রু নুনেজ।
ঘটনার পর অভিযুক্ত পালানোর চেষ্টা করেন, ঘণ্টায় ১৫০ মাইল গতিবেগে মোটরসাইকেল চালান। পুলিশের ধাওয়ার এক ভিডিওতে দেখা যায়, এক অফ-ডিউটি পুলিশ কর্মকর্তা তার গাড়ি দিয়ে দ্রুতগতিতে চলা মোটরসাইকেলকে ধাক্কা দেন। এতে মোটরসাইকেল চালক ছিটকে পড়ে এবং পুলিশ তাকে গ্রেফতার করে।
শেরিফের কর্মকর্তারা জানান, নিহত পুলিশ কর্মকর্তা নুনেজ ছয় বছর ধরে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছিলেন। তিনি মৃত্যুকালে দুই বছর বয়সি কন্যা সন্তান রেখে গেছেন এবং স্ত্রী গর্ভবতী ছিলেন।





