টলিউড-বলিউড ছাড়িয়ে এবার আন্তর্জাতিক পর্দায় পা রাখছেন ভারতীয় জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। তিনি ঘোষণা করেছেন তার প্রথম ইংরেজি ছবি ‘এলিমেন্টারি মাই ডিয়ার হোমস’, যা শার্লক হোমসের স্রষ্টা সার আর্থার কোনান ডয়েল-এর জীবনের বিশেষ কিছু ঘটনা ও চ্যালেঞ্জকে কেন্দ্র করে নির্মিত হবে।
লন্ডনে এক সংবাদ সম্মেলনে ছবির ঘোষণা দেন সৃজিত মুখোপাধ্যায়। এ সময় তিনি জানান, ছবির যৌথ প্রযোজনা করছেন তার নিজস্ব প্রযোজনা সংস্থা ম্যাচকাট এবং শাহনাব আলমের ইনভিজিবল থ্রেড। এই সহযোগিতা আন্তর্জাতিক প্রেক্ষাপটে ছবির ব্যাপ্তি আরও বিস্তৃত করবে বলে আশা প্রকাশ করেছেন পরিচালক।
ছবির পটভূমি স্থাপন করা হয়েছে ১৯০৬ সালের স্কটল্যান্ডের গ্লাসগোতে। গল্পে উঠে আসে একটি রহস্যজনক হত্যাকাণ্ডের তদন্তের সময় সমাজের পক্ষপাত, শ্রেণি বৈষম্য এবং জাতিগত ঘৃণার সঙ্গে যুক্ত একটি চাঞ্চল্যকর মামলা। বিশেষভাবে ফুটে উঠবে ভারতীয় বংশোদ্ভূত জর্জ এডালজি’র দুঃখজনক ঘটনা, যাকে ভুলভাবে অপরাধী ঘোষণা করা হয়েছিল। সার আর্থার কোনান ডয়েল নিজে সেই তদন্তে নেমে সত্য উদঘাটনের মাধ্যমে ন্যায়ের লড়াইয়ে অংশ নেন।
ছবিতে আরও দেখা যাবে ডয়েলের জীবনের সঙ্গে যুক্ত অস্কার স্লেটার-এর মামলা, যা সমান্তরালভাবে চলতে চলতে গভীর রহস্যের জাল বুনে দেয়। সৃজিত জানিয়েছেন, ছোটবেলায় বইয়ের পাতায় শার্লক হোমসের সঙ্গে তার পরিচয় হয়েছিল। ডয়েলের গল্প শুধু গোয়েন্দাগিরি নয়, এটি কৌতূহলের অ্যানাটমি এবং সত্য খোঁজার অদম্য প্রচেষ্টার প্রতীক।
লন্ডনে ছবির ঘোষণার সময় উপস্থিত ছিলেন বিএফআই ও ব্রিটিশ কাউন্সিলের শীর্ষ কর্মকর্তারা, পাশাপাশি ডয়েল পরিবারের সদস্যরাও। প্রযোজকরা জানিয়েছেন, ‘এলিমেন্টারি মাই ডিয়ার হোমস’ কেবল জীবনী নয়, এটি ন্যায়বোধ ও নৈতিক সাহসের উৎসব, যা দর্শককে অনুপ্রাণিত করবে।
এদিকে ছবির শুটিং, কাস্টিং বা মুক্তির নির্দিষ্ট তারিখ এখনও ঘোষণা করা হয়নি। তবে প্রযোজকরা আশা করছেন, শীঘ্রই আন্তর্জাতিক প্রেক্ষাপটে ছবিটি প্রদর্শিত হবে এবং দর্শকরা শার্লক হোমসের স্রষ্টার জীবনের অজানা দিকগুলো উন্মোচনের সুযোগ পাবেন।





