চিরকুট ব্যান্ডের সাবেক সদস্য শিল্পী জাহিদ নিরব চুপি চুপি বিয়ে করেছেন। নববধূকে সঙ্গে নিয়ে মক্কা গিয়ে ওমরাহ পালনের পর ঢাকায় ফিরবেন তারা। জানা গেছে, দীর্ঘদিনের বন্ধুত্ব থাকা সত্ত্বেও দুজনের প্রেম মাত্র ৩৮ দিনেই বিয়ে সম্পন্ন হয়।
গত ২৩ অক্টোবর রাতে নিরবের নিকেতনের বাসায় ঘরোয়া আয়োজনের মধ্যে বিয়ে সম্পন্ন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই পরিবারের নির্বাচিত সদস্যরা। কি-বোর্ডিস্ট, সুরকার ও গায়ক জাহিদ নিরবের স্ত্রী সূচনা তাসনীম, যিনি একটি মেকওভার পার্লারের স্বত্বাধিকারী।

জাহিদ নিরব জানান, “আমাদের ১১ বছরের বন্ধুত্ব। সে আইন নিয়ে পড়েছে। বেশ কয়েক মাস হলো আমি তাকে জীবনসঙ্গী হিসেবে চাইছিলাম। প্রেমের প্রস্তাব দিতেই সে সাড়া দেয়। ৩৮ দিনের প্রেমের পর বিয়ে করেছি আমরা।”
মক্কা থেকে তিনি আরও বলেন, “খুব ইচ্ছা ছিল বিয়ের পর স্ত্রীসহ ওমরাহ করতে আসতে। ভিসা পাওয়ার পরদিনই নিকেতনের বাসায় দুই পরিবারের কাছের কয়েকজন মিলে বিয়ে সেরে নিই। পরদিন মক্কা চলে আসি। দোয়া করবেন।”
নিরব ও সূচনার বিয়ের উকিল ছিলেন ‘ব্যাচেলর পয়েন্ট’-এর জিয়াউল হক পলাশ।





