তুরস্কে সোমবার (২৭ অক্টোবর) স্থানীয় সময় রাত ১০টা ৪৮ মিনিটে ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বাংলাদেশ সময় এটি ছিল দিবাগত ১টা ৪৮ মিনিটে। খবর এপির।
তুরস্কের দুর্যোগ ও জরুরি অবস্থা ব্যবস্থাপনা সংস্থা আফাদ জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল বা এপিসেন্টার ছিল পশ্চিমাঞ্চলীয় বালিকেসির প্রদেশের সিন্দির্গি শহরের কাছে, ভূপৃষ্ঠ থেকে মাত্র ৫.৯৯ কিলোমিটার গভীরে।
ইস্তাম্বুল, বুরসা, মানসিয়া এবং ইজমির প্রদেশেও কম্পন অনুভূত হয়েছে। আফাদের তথ্য অনুযায়ী, সিন্দির্গিতে বেশ কয়েকটি বাড়িঘর ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ মুহূর্তে আহত বা নিহতের তথ্য পাওয়া যায়নি।
এর আগে আগস্টে একই এলাকায় ৬.১ মাত্রার ভূমিকম্প ঘটেছিল। সেই ভূমিকম্পের পর থেকে বালিকেসির প্রদেশে নিয়মিত ছোট আকারের কম্পন অনুভূত হচ্ছে।





