রবিবার, ২৮ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আর্জেন্টিনার নির্বাচনে প্রেসিডেন্ট মাইলির দলের বড় জয়

আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ের মাইলির নেতৃত্বাধীন দল লা লিবারতাদ আভাঞ্জা (এলএলএ) দেশটির মধ্যবর্তী সংসদ নির্বাচনে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। প্রাথমিক ফলাফলের ভিত্তিতে বিশ্লেষকরা মনে করছেন, এই জয় মাইলির অর্থনৈতিক সংস্কার ও কঠোর পদক্ষেপগুলোকে আরও এগিয়ে নিতে সাহায্য করবে।

রোববার অনুষ্ঠিত নির্বাচনে আর্জেন্টিনার কংগ্রেসের উচ্চ কক্ষ সিনেটের মোট আসনের এক-তৃতীয়াংশ এবং নিম্ন কক্ষ চেম্বার অব ডেপুটির অর্ধেক আসনের ভোট হয়েছে। ৯০ শতাংশের বেশি ভোট গণনার পর দেখা গেছে, এলএলএ ৪০.৮৪ শতাংশ ভোট পেয়েছে, আর প্রধান প্রতিদ্বন্দ্বী মধ্য-বামপন্থী পেরোনিস্ট মুভমেন্ট পেয়েছে ৩১.৬৪ শতাংশ।

বিবিসি জানায়, সিনেটে ২৪টি আসনের মধ্যে এলএলএ জয়ী হয়েছে ১৩টিতে, আর চেম্বার অব ডেপুটির ১২৭টি আসনের মধ্যে ৬৪টিতে জয় এসেছে তাদের।

মধ্যবর্তী নির্বাচনের এই সাফল্য প্রেসিডেন্ট মাইলির অবস্থানকে আরও দৃঢ় করেছে। তবে কংগ্রেসে একক সংখ্যাগরিষ্ঠতা না থাকার কারণে আইন পাস করতে এখন তাঁকে মধ্য-ডানপন্থী দলের সঙ্গে জোট গঠন করতে হবে।

জয়ীর খবরে এলএলএ দলের সমর্থকরা রাতেই আনন্দ উদযাপন করেন। অনুষ্ঠানে মাইলির সমর্থকরা উল্লাস প্রকাশ করেছেন, একে অপরকে জড়িয়ে ধরেছেন এবং কেউ কেউ খুশিতে কেঁদে ফেলেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মাইলির মুখপাত্র ম্যানুয়েল আদোরনি লিখেছেন, “আর্জেন্টিনার মঙ্গল হোক।”

মাইলি দুই বছর আগে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন। নির্বাচনী প্রচারে তিনি দেশটির অর্থনীতি পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এই মধ্যবর্তী নির্বাচন ছিল তার জন্য জাতীয় পর্যায়ের প্রথম বড় পরীক্ষা।

শেয়ার করুন