রাজু দত্ত, মৌলভীবাজার জেলা প্রতিনিধি :
মৌলভীবাজার পৌরসভা মিলনায়তনে রবিবার (২৬ অক্টোবর) “স্কিল শিখন” এর উদ্যোগে অনুষ্ঠিত হয় ‘ফ্রিল্যান্সিং ও স্পোকেন ইংলিশ ফ্রি সেমিনার’।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কিল শিখনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইমাজ উদ্দিন। সেমিনারের প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলার আইসিটি অফিসার আব্দুল্লাহ আল নোমান, যিনি ফ্রিল্যান্সিংয়ের সম্ভাবনা ও ডিজিটাল স্কিল উন্নয়নের গুরুত্ব নিয়ে মূল্যবান বক্তব্য প্রদান করেন।
স্কিল শিখনের ইন্সট্রাক্টর জাহিদুল ইসলামের সঞ্চালনায় ফ্রিল্যান্সিং বিষয়ক সেশনে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের এম. ডি. নূর নবী পাবেল, এবং স্পোকেন ইংলিশ বিষয়ে বক্তব্য রাখেন ইনস্ট্রাক্টর তারেক হোসেন ফারাবি।
অনুষ্ঠানে মৌলভীবাজারের বিভিন্ন স্কুল ও কলেজের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। সেমিনারে অংশগ্রহণ শেষে শিক্ষার্থীরা জানান, তারা বুঝতে পেরেছেন—বর্তমান যুগে আইটি শিক্ষায় দক্ষতা অর্জন কতটা গুরুত্বপূর্ণ এবং ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে ঘরে বসে আয়ের সুযোগ কতটা সহজলভ্য।
সেমিনার শেষে নিয়মিত ক্লাসে উপস্থিত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট প্রদান করা হয়। ডিজিটাল মার্কেটিং কোর্সে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীদের ক্রেস্ট তুলে দেওয়া হয়। এছাড়া যারা কোর্স চলাকালীন সময়ে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে আয় করেছেন বা স্থানীয় ও আন্তর্জাতিকভাবে রিমোট জবে যুক্ত হয়েছেন—তাদেরকেও বিশেষ সম্মাননা ও সার্টিফিকেট প্রদান করা হয়।
প্রধান নির্বাহী ইমাজ উদ্দিন বলেন,
“আমাদের মূল লক্ষ্য হলো মৌলভীবাজারের তরুণ প্রজন্মকে আইটি শিক্ষায় দক্ষ করে গড়ে তোলা। অনেকেই ফ্রিল্যান্সিং সম্পর্কে জানে না, তাই আমরা চাই তারা ঘরে বসেই আয় করতে পারে এবং দেশের বেকারত্ব দূরীকরণে ভূমিকা রাখুক। স্কিল শিখন সবসময় শিক্ষার্থীদের পাশে আছে এবং থাকবে।”
সেমিনারে উপস্থিত শিক্ষক, অভিভাবক ও অতিথিরা “স্কিল শিখন”-এর এই উদ্যোগকে প্রশংসা করেন এবং এ ধরনের সেমিনার নিয়মিত আয়োজনের আহ্বান জানান।





