শনিবার, ২৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

দক্ষিণ চীন সাগরে আধঘণ্টার ব্যবধানে মার্কিন যুদ্ধবিমান ও হেলিকপ্টার বিধ্বস্ত

দক্ষিণ চীন সাগরে মাত্র আধঘণ্টার ব্যবধানে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি যুদ্ধবিমান ও একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। তবে সৌভাগ্যক্রমে দুই দুর্ঘটনায় থাকা পাঁচজন ক্রু সদস্যই জীবিত রয়েছেন।

সোমবার (২৭ অক্টোবর) মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

মার্কিন নৌবাহিনীর প্যাসিফিক ফ্লিট জানায়, রোববার বিকেলে বিমানবাহী রণতরী ইউএসএস নিমিৎজ থেকে উড্ডয়ন করা একটি এফ/এ-১৮এফ সুপার হর্নেট যুদ্ধবিমান এবং একটি এমএইচ-৬০আর সি হক হেলিকপ্টার আধঘণ্টার ব্যবধানে বিধ্বস্ত হয়।

ফ্লিটের বিবৃতিতে বলা হয়েছে, দুর্ঘটনার পর হেলিকপ্টারের তিন ক্রু সদস্যকে এবং যুদ্ধবিমানের দুই পাইলটকে উদ্ধার করা হয়। তারা সবাই বর্তমানে নিরাপদ ও স্থিতিশীল অবস্থায় রয়েছেন।

নৌবাহিনী জানিয়েছে, দুটি দুর্ঘটনার কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে।

এপি জানায়, অবসর নেওয়ার আগে ইউএসএস নিমিৎজ বর্তমানে তার শেষ মিশনে রয়েছে। মধ্যপ্রাচ্যে দীর্ঘ সময় মোতায়েন থাকার পর এটি এখন ওয়াশিংটন অঙ্গরাজ্যের নেভাল বেস কিটস্যাপে ফিরে যাচ্ছে।

এদিকে রয়টার্স জানিয়েছে, ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বাণিজ্যিক জাহাজে হামলার জবাবে ওই অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি জোরদার করতে নিমিৎজকে পাঠানো হয়েছিল।

উল্লেখ্য, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এর আগেও মার্কিন নৌবাহিনীর আরেক রণতরী ইউএসএস হ্যারি এস. ট্রুম্যান-এ একাধিক দুর্ঘটনার ঘটনা ঘটেছে।

শেয়ার করুন