শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শাহরুখের গোপন মিশন ‘আলফা’, সঙ্গে আলিয়া ও শর্বরী

ওয়ার ২’-এর মিশ্র প্রতিক্রিয়ার পর যেন ধাক্কা খেয়েছিল যশ রাজ ফিল্মসের (ওয়াইআরএফ) বহু প্রতীক্ষিত স্পাই ইউনিভার্স। তবে এখানেই থেমে থাকছেন না প্রযোজক আদিত্য চোপড়া। গোটা ফ্র্যাঞ্চাইজিটিকে নতুন করে উজ্জীবিত করতে তিনি নিচ্ছেন একের পর এক সাহসী পদক্ষেপ। আর সেই পরিকল্পনার বড় চমক—ফের পর্দায় ফিরছেন শাহরুখ খানের ‘পাঠান’।

আলিয়া ভাট, শর্বরী ওয়াঘ, ববি দেওল ও অনিল কাপুর অভিনীত আসন্ন স্পাই থ্রিলার ‘আলফা’-কে ওয়াইআরএফ ইউনিভার্সের পুনর্জাগরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকল্প হিসেবে দেখা হচ্ছে। ছবিতে বিশেষ উপস্থিতিতে দেখা যাবে হৃতিক রোশনকে তাঁর পরিচিত চরিত্র ‘এজেন্ট কবির’-এর ভূমিকায়। তবে সবচেয়ে বেশি কৌতূহল তৈরি করেছে শাহরুখ খানের সম্ভাব্য অংশগ্রহণ।

প্রযোজনা সংস্থার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, আদিত্য চোপড়া নিজে শাহরুখকে ফোন করে ‘আলফা’-তে বিশেষ উপস্থিতির অনুরোধ জানিয়েছেন। সেই দৃশ্যটি সরাসরি যুক্ত থাকবে ‘পাঠান ২’-এর গল্পের সঙ্গে। সূত্রের ভাষায়, “আদিত্য শাহরুখের জন্য এমন একটি সিকোয়েন্স লিখেছেন, যা পরবর্তী পাঠান ছবির ভিত্তি তৈরি করবে। তবে বর্তমানে তিনি ‘কিং’ ছবির শুটিংয়ে ব্যস্ত থাকায় কিছুটা সময় চেয়েছেন।”

সবকিছু পরিকল্পনা অনুযায়ী চললে নভেম্বরেই নিজের অংশের শুটিং শেষ করবেন শাহরুখ। ধারণা করা হচ্ছে, তাঁকে দেখা যেতে পারে ছবির এক্সপ্লোসিভ এন্ড-ক্রেডিট দৃশ্যে। পাশাপাশি, সালমান খানের ‘টাইগার’ চরিত্রকেও যুক্ত করার চিন্তা চলছে, তবে চিত্রনাট্যের শক্তি বাড়ানো গেলে তবেই তা সম্ভব হবে বলে সূত্র জানিয়েছে।

শিব রাওয়াইল পরিচালিত ‘আলফা’ আগামী বড়দিনে মুক্তির সম্ভাবনা রয়েছে। শাহরুখের ‘পাঠান’ যদি সত্যিই ফিরে আসে, তাহলে আবারও শীর্ষে ফিরতে পারে যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্স।

শেয়ার করুন