মালয়েশিয়ায় পা রাখার সঙ্গে সঙ্গেই নাচতে শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কুয়ালালামপুর বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন স্থানীয় কিছু শিল্পী। তাদের নাচ দেখে মুহূর্তেই আনন্দে ঝাঁপিয়ে পড়েন ট্রাম্প।
রোববার (২৬ অক্টোবর) মালয়েশিয়ায় পৌঁছিয়ে এশিয়া সফরের সূচনা করেছেন ট্রাম্প। বিমানবন্দর থেকে নামার পর দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তাকে স্বাগত জানান। বিমানবন্দরে আয়োজিত আনুষ্ঠানিক স্বাগত অনুষ্ঠানে ট্রাম্পের নাচের মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। তার পরিচিত ‘ফিস্ট-পাম্প’ বা মুষ্টি উঁচিয়ে নাচ মুহূর্তেই আলোচনা সৃষ্টি করেছে।
হোয়াইট হাউজও এই বিষয়টি উড়িয়ে দেয়নি। ট্রাম্পের বিশেষ সহকারী মার্গো মার্টিন নিজের সোশ্যাল মিডিয়ায় ওই নাচের ভিডিও শেয়ার করেছেন। সফরের প্রথম কার্যক্রম হিসেবে তিনি যোগ দেবেন থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে। গত জুলাইয়ে এই দুই দেশের সীমান্তে সংঘর্ষের পর এই চুক্তি বিশেষ গুরুত্ব পাচ্ছে। ট্রাম্প নিজেও সামাজিক মাধ্যমে লিখেছেন, “কম্বোডিয়া ও থাইল্যান্ডের মধ্যে ‘গ্রেট পিস ডিল’ আমি মধ্যস্থতা করেছি, যা স্বাক্ষরের জন্য মালয়েশিয়ায় যাচ্ছি।”





