শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

বিচ্ছেদের গুঞ্জনে মুখ খুললেন পূর্ণিমা

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিচ্ছেদের গুঞ্জনের পর অবশেষে মুখ খুললেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা পূর্ণিমা। শনিবার বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক দীর্ঘ পোস্টে বিষয়টি পরিষ্কার করে তিনি জানান, স্বামী আশফাকুর রহমান রবিনের সঙ্গে তাদের সম্পর্ক ভালো রয়েছে।

কিছুদিন আগে পূর্ণিমার দেওয়া এক ফেসবুক স্ট্যাটাস ঘিরে নানা জল্পনা ছড়িয়ে পড়ে। অনেকে পোস্টটির অর্থ তার পারিবারিক জীবনের সঙ্গে মেলাতে শুরু করেন। পরে কয়েকটি অনলাইন সংবাদমাধ্যমে সেই গুঞ্জন চটকদার শিরোনামে প্রকাশিত হলে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এই অভিনেত্রী।

নিজের সর্বশেষ পোস্টে পূর্ণিমা লেখেন, “সুদিনে বন্ধুর অভাব হয় না, কিন্তু দুর্দিনে প্রকৃত বন্ধু চেনা যায়। আগের পোস্টে আমি মানুষের আচরণ নিয়ে লিখেছিলাম, পারিবারিক জীবন নিয়ে নয়। কিছু সংবাদমাধ্যম সেটা ভুলভাবে উপস্থাপন করেছে, যা আমাকে এবং আমার পরিবারকে মর্মাহত করেছে।”

তিনি আরও লেখেন, “আমার দেওয়া স্ট্যাটাসের সঙ্গে ব্যক্তিগত বা পারিবারিক জীবনের কোনো সম্পর্ক নেই। আপনাদের ভালোবাসা ও দোয়ায় আমরা অনেক ভালো আছি। আমার দীর্ঘ ক্যারিয়ারে সাংবাদিক ও দর্শকদের পাশে পেয়েছি, ভবিষ্যতেও সেই ভালোবাসা অব্যাহত থাকবে বলে আশা করি।”

পূর্ণিমার অভিনয়যাত্রা শুরু হয় নব্বইয়ের দশকের শেষ দিকে। জাকির হোসেন পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ ছবির মাধ্যমে ১৯৯৭ সালে বড় পর্দায় অভিষেক ঘটে তার। এরপর তিন দশকের ক্যারিয়ারে একের পর এক সফল সিনেমা উপহার দিয়েছেন তিনি। সর্বশেষ তাকে দেখা গেছে ‘চিরঞ্জীব মুজিব’ সিনেমায়। মুক্তির অপেক্ষায় আছে তার আরও দুটি কাজ— ‘গাঙচিল’‘জ্যাম’।

শেয়ার করুন