১৯৫ কোটি টাকা পাচারের মামলায় জামিনে থাকা ক্যাসিনোকাণ্ডে আলোচিত যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল চৌধুরী সম্রাটকে আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামান এ নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন।
সেদিন মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ও আসামিদের উপস্থিতির জন্য দিন ধার্য ছিল। সম্রাটের পক্ষে আইনজীবী আফরোজা শাহনাজ পারভীন ফৌজদারি কার্যবিধির ২০৫ ধারায় হাজিরা দেন। তবে রাষ্ট্রপক্ষ ওই হাজিরা বাতিলের আবেদন করে।
শুনানির সময় আদালত আসামিপক্ষের আইনজীবীর কাছে জানতে চান, সম্রাট বর্তমানে কোথায় আছেন। জবাবে তিনি জানান, তার অবস্থান জানা নেই। এ অবস্থায় বিচারক আগামী রোববার আসামির উপস্থিতিতে শুনানির নির্দেশ দেন।
মামলার নথি অনুযায়ী, ২০২০ সালের ১৩ সেপ্টেম্বর সিআইডির উপপরিদর্শক রাশেদুর রহমান রাজধানীর রমনা মডেল থানায় মানিলন্ডারিং প্রতিরোধ আইনে এ মামলা দায়ের করেন।
বাংলার চোখ নিউজ





