রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

২০২৫ সালের লঙ্কা প্রিমিয়ার লিগ স্থগিত ঘোষণা

বছরের শুরুতে একবার স্থগিত থাকার পর ২০২৫ সালের লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে না বলে ঘোষণা দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। আগামী বছর ভারতে ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর প্রস্তুতি আরও ভালোভাবে সম্পন্ন করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এসএলসির বিবৃতিতে বলা হয়েছে, “বিশ্বকাপের জন্য পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে ২০২৫ সালের এলপিএল স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” এলপিএল মূলত ২৭ নভেম্বর থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত কলম্বো, ক্যান্ডি ও ডাম্বুলায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে বিশ্বকাপের জন্য স্টেডিয়াম ও অবকাঠামো উন্নয়নের কাজ দ্রুত শেষ করতে এই টুর্নামেন্ট অন্য সময়ে সরিয়ে নেওয়া হচ্ছে।

আইসিসির নির্দেশনা অনুযায়ী, বিশ্বকাপের সব ভেন্যুকে নিখুঁতভাবে প্রস্তুত রাখতে হবে। বর্তমানে কলম্বোর আর প্রেমাদাসা আন্তর্জাতিক স্টেডিয়ামে সংস্কার কাজ চলছে এবং নারী বিশ্বকাপের পর তা পুনরায় শুরু হবে।

এলপিএলের আগের আসরগুলো ২০২৩ ও ২০২৪ সালে জুলাই-আগস্টে অনুষ্ঠিত হয়েছিল। এই বছর বোর্ড টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি মাথায় রেখে পরে আয়োজনের পরিকল্পনা করেছিল।

এছাড়া ষষ্ঠ দল অন্তর্ভুক্তির বিষয়েও আলোচনা চলছে। পূর্ববর্তী পাঁচ আসরে কলম্বো, গলে, ক্যান্ডি, ডাম্বুলা ও জাফনা এই পাঁচ দল অংশ নিয়েছিল। তবে এবছর জাফনা কিংস ও কলম্বো স্ট্রাইকার্সের ফ্র্যাঞ্চাইজি বাতিল করা হয়েছে এবং নতুন মালিকদের এখনও চূড়ান্ত করা হয়নি।

শেয়ার করুন