দীপাবলির আবহে কন্যা দুয়ার মুখ প্রকাশ্যে আনলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ও অভিনেতা রণবীর সিং। মায়ের মতো রং মিলিয়ে সেজেছে কন্যা দুয়া। দীপিকা ও দুয়া দুজনের পরনেই ছিল লাল রঙের জমকালো চুড়িদার পোশাক। তার সঙ্গে আছে মানানসই সোনার গহনা। অন্যদিকে বাবার পরনে ছিলো ঘিয়ে শেরওয়ানি। দীপাবলির কথা মাথায় রেখেই সেজেছেন মা ও মেয়ে এবং বাবা রণবীর কাপুর।
বাবা-মায়ের মধ্যমণি হয়ে কখনো দুয়া হাসছে, আবার কখনো আকাশের দিকে তাকিয়ে কিছু দেখাচ্ছে। বাবা-মাও কন্যাকে আদরে মুড়ে রেখেছেন।
সামাজিক মাধ্যমে একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়ে তারকাদম্পতি লিখেছেন, ‘দীপাবলির শুভেচ্ছা।’ ছবিগুলোর মধ্যে আরও দেখা গেছে, দীপিকার কোলে বসে আছে ছোট্ট দুয়া। অনুরাগীরাও ছোট্ট দুয়াকে দেখতে পেয়ে উচ্ছ্বসিত। কেউ বলছেন— দীপিকার মতো দেখতে হয়েছে দুয়া। আবার কেউ বলছেন—রণবীরের ছাপ রয়েছে কন্যার মুখে।
গত বছর গণেশচতুর্থীর পরের দিনই মেয়ে দুয়ার জন্মের খবর দেন দীপিকা পাড়ুকোন। গত বছর দীপাবলিতেই মেয়ের ছোট্ট ছবি দিয়ে খুদের নাম প্রকাশ্যে এনেছিলেন অভিনেত্রী। এ বছরও ঠিক দীপাবলিতেই কন্যার মুখ প্রকাশ করলেন দীপিকা ও রণবীর।





