বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শ্রদ্ধায় নতুন যাত্রার সূচনা, রাকসুর নবনির্বাচিত নেতৃবৃন্দ

অপু দাস , রাজশাহী প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে অমর এক নাম অধ্যাপক শামসুজ্জোহা। ১৯৬৯ সালে পাকিস্তানি সেনাদের হাতে শহীদ হয়েছিলেন তিনি—শিক্ষার্থীদের জীবন বাঁচাতে নিজের জীবন উৎসর্গ করে। সেই শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে সোমবার (২০ অক্টোবর) সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) নবনির্বাচিত প্রতিনিধিরা শহীদ অধ্যাপক শামসুজ্জোহার কবর জিয়ারত করেন।
বেলা পৌনে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে অবস্থিত শহীদ শামসুজ্জোহার সমাধি চত্বরে নবনির্বাচিত নেতারা পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাত করেন। এসময় তাদের সঙ্গে উপস্থিত ছিলেন নবনির্বাচিত ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, জিএস সালাউদ্দিন আম্মার, এজিএস সালমান সাব্বিরসহ অন্যান্য প্রতিনিধি।
কবর জিয়ারতের পর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, “আমরা জানি শহীদ শামসুজ্জোহা কীভাবে শিক্ষার্থীদের জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন। স্যারের সেই কথা—‘ছাত্রদের গায়ে গুলি লাগার আগে, আমার গায়ে গুলি লাগুক’—আমাদের জন্য অনন্ত প্রেরণার উৎস। আমরা আশা করি, তাঁর চেতনা অনুযায়ীই আমাদের কাজ করতে পারব।”
তিনি আরও বলেন, “যেহেতু এখনো আমাদের শপথ গ্রহণ হয়নি, আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি। তবে সময় নষ্ট না করে আমরা জোহার স্যারের কবর জিয়ারতের মাধ্যমে আমাদের দায়িত্বযাত্রার সূচনা করতে চেয়েছি।”
রাকসুর নবনির্বাচিত প্রতিনিধিরা জানান, ধারাবাহিকভাবে তারা বিশ্ববিদ্যালয় কবরস্থান ও ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানে শহীদ সাকিব আনজুম ও শহীদ আলি রায়হানের কবরেও শ্রদ্ধা জানাবেন।
শেয়ার করুন