মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরাজিত প্রার্থীদের ‘হারু পার্টি’: ভিন্নধর্মী মিলনমেলা

অপু দাস, রাজশাহী:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসু নির্বাচনে পরাজিত প্রার্থীদের উদ্যোগে আয়োজিত হয়েছে ব্যতিক্রমী এক অনুষ্ঠান— ‘হারু পার্টি’। শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ‘শাবাশ বাংলাদেশ’ মাঠে অনুষ্ঠিত এ আয়োজন পরিণত হয় আনন্দ, আড্ডা ও ঐক্যের মিলনমেলায়। অনুষ্ঠানে অংশ নেন ছাত্রদল, বামজোট ও স্বতন্ত্র প্রার্থীসহ বিভিন্ন প্যানেলের প্রতিদ্বন্দ্বীরা। আয়োজকেরা জানান, এ আয়োজনের মূল লক্ষ্য ছিল নবনির্বাচিত প্রতিনিধিদের সহযোগিতা করা, তাঁদের কার্যক্রমে গঠনমূলক সমালোচনা করা, রাকসুকে দলীয় প্রভাবমুক্ত রাখা এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখা।
পরিচিতি ও বক্তব্যপর্ব শেষে মাঠজুড়ে ছড়িয়ে পড়ে খেলাধুলা, সেলফি ও আড্ডার উচ্ছ্বাস। অংশগ্রহণকারীদের কণ্ঠে শোনা যায় স্লোগান— “হারু পার্টি, সবাই মিলে হারু পার্টি” ও “তুমি কে, আমি কে, রাবিয়ান, রাবিয়ান।” অংশগ্রহণকারীদের বক্তব্য‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দীন বলেন,  “আমরা হেরেছি, কিন্তু আমরা এখনো রাবিয়ান। বিজয়ীরা যেন তাঁদের প্রতিশ্রুতি রক্ষা করেন, সেটি আমরা তদারকি করব।” স্বতন্ত্র এজিএস প্রার্থী শাহ পরাণ (লিখন) বলেন,  “আমরা হারিনি— বরং বিশ্ববিদ্যালয় নিয়ে স্বপ্ন দেখার শক্তি বেড়েছে। ভালো কাজে বিজয়ীদের পাশে থাকব, আর ভুল পথে গেলে প্রতিরোধ করব।”
নবনির্বাচিত ভিপি মোস্তাকুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। তবে ফল ঘোষণার পর তিনি জানিয়েছিলেন,“আমরা শিক্ষার্থীদের ম্যান্ডেট অনুযায়ী কাজ করব। বিজিতদের পরামর্শ ও সহযোগিতাও কাম্য।”
উল্লেখ্য, গত বৃহস্পতিবার ৩৫ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয় রাকসু, হল সংসদ ও সিনেট প্রতিনিধি নির্বাচন। এতে ৯০২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। রাকসুর ২৩টি পদের মধ্যে ২০টিতে জয়ী হয় ছাত্রশিবির-সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’। বাকি তিন পদে জয় পান সালাহউদ্দিন আম্মার (জিএস), মোছা. নার্গিস খাতুন (ক্রীড়া সম্পাদক) ও তোফায়েল আহমেদ তোফা (বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক)।
শেয়ার করুন