চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদে ভোট গ্রহণ শুরু হয়েছে। আজ বুধবার সকাল ৯টায় শুরু হওয়ার কথা থাকলেও সাড়ে ৯টায় ভোট গ্রহণ শুরু হয়। বিশ্ববিদ্যালয় জীবনে প্রথমবারের মতো ছাত্র সংসদ নির্বাচনের ভোট দিতে এসে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। এবার পাঁচটি অনুষদ ভবনে ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে। ভোট কেন্দ্রের সামনে বিভিন্ন প্যানেলের কর্মী-সমর্থকেরা অবস্থান করছেন।
বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদ ভবনের কেন্দ্রের দায়িত্বে থাকা সহকারী রিটার্নিং কর্মকর্তা এস এম শরিফুজ্জামান বলেন, নির্দেশনা মোতাবেক সাড়ে ৯টায় ভোট গ্রহণ শুরু হয়েছে। শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন। বিকেল চারটা পর্যন্ত ভোট চলবে। তবে কেউ ভোট দেওয়ার জন্য চারটার আগে লাইনে দাঁড়ালে তাঁকে ভোট দিতে সুযোগ দেওয়া হবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ড. মুহাম্মদ ইউনূস ভবনে (সমাজবিজ্ঞান অনুষদ) ভোট দিয়েছেন রাজনীতি বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী পায়েল মুহুরী। তিনি বলেন, ‘আমি রাউজান থেকে এসেছি। অন্যান্য দিন ক্লাস করার জন্য এলেও আজ ভোট দিতে এলাম। প্রথম ভোট দিলাম, দারুণ লাগছে।’
পায়েল আরও বলেন, ‘ক্যাম্পাসে থাকা অবস্থায় এমন নির্বাচন হচ্ছে। সত্যিকারের উৎসব মনে হচ্ছে। এখন পর্যন্ত তো পরিবেশ সুন্দর ও শান্তিপূর্ণ মনে হচ্ছে। আশা করছি নির্বাচনের মাধ্যমে যোগ্য প্রার্থী পাব আমরা।’
ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনে ভোট দিয়ে চারুকলা ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সাবিহা আবছার নামের আরেক ভোটার বলেন, ‘জীবনে প্রথম ভোট দিয়েছি। তাও একসঙ্গে ৪০ টি। ভোটার হলেও জাতীয় কিংবা স্থানীয় নির্বাচনে ভোট দেওয়ার পরিবেশ ছিল না। তাই চাকসু নির্বাচনে ভোট দিতে পেরে আনন্দ লাগছে।’





