বুধবার, ১৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

মান্দায় নাজিমুদ্দিন পাইক স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

এম এ মতিন (জেলা প্রতিনিধি) :
নওগাঁর মান্দা উপজেলার চকভোলাই ডাঙ্গাপাড়া ইয়াং জেনারেশনের উদ্যোগে নাজিমুদ্দিন পাইক স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। গতকাল (শুক্রবার ) দিনব্যাপী অনুষ্ঠিত এ টুর্নামেন্টে উপজেলার বিভিন্ন এলাকার মোট আটটি দল অংশগ্রহণ করে।
বিকেলে অনুষ্ঠিত ফাইনাল খেলায় চকদেবীরাম সিসিবি একাদশ ২-১ গোলে চকভোলাই তরুণ সংঘ ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অনুষ্ঠানে আলহাজ্ব সাইদুর রহমান পাইক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি'র এমপি মনোনয়ন প্রত্যাশী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ডা. ইকরামুল বারী টিপু। টুর্নামেন্টের উদ্বোধন করেন সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট শিল্পপতি সাদিকুল ইসলাম সোহাগ।
পুরো অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাজ্জাদ হোসেন সুমন, ইমরান হোসেন, মনিবুর রহমান দুখু, আল মামুনসহ আরও অনেকে।
খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ডা. ইকরামুল বারী টিপু।‌ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ডাঃ টিপু বলেন, যুব সমাজকে মাদকমুক্ত রাখতে হলে খেলাধুলার কোন বিকল্প নাই। আগামীর মান্দা হবে মাদকমুক্ত মান্দা, দল যদি মনোনয়ন দেয় আর আমি যদি ‌এমপি হতে পারি , তাহলে বেকার যুবকদের আমি ব্যাপক কর্মসংস্থানের সুযোগ করে দিব, ইনশাআল্লাহ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯ দফার মাধ্যমে যে দেশ গড়ার কাজ করেছিলেন, যা গত ১৬ বছরে আওয়ামী লীগ ধ্বংস করেছে। জুলাই অভ্যুত্থানের পর এই নতুন বাংলাদেশ হবে বৈষম্যমুক্ত বাংলাদেশ।
খেলা উপভোগ করতে মাঠে ছিল এলাকাবাসীর উপচে পড়া ভিড়। স্থানীয়রা বলেন, এ ধরনের টুর্নামেন্ট আয়োজন তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি উৎসাহিত করবে, পাশাপাশি সমাজে সম্প্রীতি ও ঐক্যের বন্ধন আরও দৃঢ় করবে।
শেয়ার করুন