বুধবার, ৪ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

বকশীগঞ্জে পুলিশের ওপর হামলা, আটক-৪

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:

জামালপুরের বকশীগঞ্জে পুলিশের ওপর হামলা চালিয়ে মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (৮ অক্টোবর) রাত ৯টার দিকে পৌর শহরের সওদাগরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় এক এসআইসহ দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।

বকশীগঞ্জ থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বকশীগঞ্জ থানা পুলিশের একটি দল সওদাগরপাড়ার সুরুজ আলীর ছেলে লিটন মিয়া (৪৫)-এর বাড়িতে অভিযান চালায়। এসময় লিটন মিয়াকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।

পুলিশ যখন লিটন মিয়াকে থানা নিয়ে যাচ্ছিল, তখন তার স্বজন ও সহযোগীরা আকস্মিকভাবে পুলিশের ওপর হামলা চালায়। এক পর্যায়ে তারা পুলিশের কাছ থেকে লিটন মিয়াকে ছিনিয়ে নিয়ে যায়। হামলায় এসআই রাসেল আহাম্মেদ ও কনস্টেবল আমিরুল ইসলাম আহত হন। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

পুলিশের ওপর হামলা ও আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় পরবর্তীতে অভিযান চালিয়ে ওই এলাকার চারজনকে আটক করা হয়েছে।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, “পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ ঘটনায় জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।”

শেয়ার করুন