অপু দাস, স্টাফ রিপোর্টার :
রাজশাহী মহানগরীর পবা থানার নওহাটা বাজার এলাকায় র্যাব-৫ এর সিপিএসসি রাজশাহীর বিশেষ অভিযানে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানের সময় তার কাছ থেকে দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১২ নভেম্বর ২০২৫) বিকেল ৫টা ৪৫ মিনিটে র্যাব সদস্যরা নওহাটা বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় মোহনপুর থানার বাসিন্দা মোঃ আজমলকে আটক করা হয়।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত আজমলের শপিং ব্যাগ তল্লাশি করে ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৩৪ পিস ইয়াবা ট্যাবলেট এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আজমল স্বীকার করেছে যে, সে দীর্ঘদিন ধরে নিজ পেশার আড়ালে অবৈধ মাদক ব্যবসার সঙ্গে জড়িত। সীমান্ত এলাকা থেকে ইয়াবা, ট্যাপেন্টাডল, গাঁজা ও ফেন্সিডিল সংগ্রহ করে রাজশাহীসহ আশপাশের এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করত।
র্যাব জানায়, সমাজ থেকে মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে। র্যাব-৫ মাদক চক্রের মূল উৎস চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নিতে দৃঢ় প্রতিজ্ঞ।
গ্রেপ্তারকৃত আজমলের বিরুদ্ধে পবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। র্যাব সূত্রে জানা যায়, সে স্থানীয়ভাবে পরিচিত একটি সক্রিয় মাদকচক্রের সদস্য।





