অপু দাস, স্টাফ রিপোর্টার :
রাজশাহীতে এক হৃদয়বিদারক ঘটনায় মহানগর দায়রা জজ আব্দুর রহমানের বাসায় ঢুকে তার ছেলেকে কুপিয়ে হত্যা করেছে এক যুবক। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে নগরের ডাবতলা এলাকার স্পার্ক ভিউ নামের একটি বহুতল ভবনের পঞ্চম তলায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত কিশোর তাওসিফ রহমান সুমন (১৬) স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। হামলায় তার মা তাসমিন নাহার ও হামলাকারী যুবকও গুরুতর আহত হন। পরে তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় সুমনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
প্রত্যক্ষদর্শী ও ভবনের দারোয়ান মেসের আলী জানান, হামলাকারী নিজেকে বিচারকের ভাই পরিচয় দিয়ে ভবনে প্রবেশ করেন। প্রবেশের সময় তিনি দারোয়ানের খাতায় নাম লেখেন “লিমন” এবং জানান, বিচারকের সঙ্গে দেখা করতে এসেছেন। দুপুর আড়াইটার দিকে তিনি ফ্ল্যাটে প্রবেশ করেন, আর প্রায় আধঘণ্টা পর গৃহকর্মীর চিৎকারে ফ্ল্যাটের অন্যান্য বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে যান। তারা গিয়ে দেখতে পান, তিনজনই রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছেন।
ঘটনার পরপরই তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানেই সুমনের মৃত্যু হয়। আর আহত তাসমিন নাহার ও হামলাকারীকে দ্রুত অপারেশন থিয়েটারে নেওয়া হয়।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান ঘটনাস্থল পরিদর্শন করে জানান, হামলাকারীর পকেটে পাওয়া ড্রাইভিং লাইসেন্স থেকে ধারণা করা হচ্ছে তিনি একজন চালক। প্রাথমিকভাবে জানা গেছে, নিহতের মা তাসমিন নাহার সিলেটের সুরমা থানায় ওই ব্যক্তির বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন।
তবে কী কারণে এই নৃশংস হামলা—তা এখনও স্পষ্ট নয়। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।
রাজশাহীর শান্ত এলাকায় ঘটে যাওয়া এই ঘটনাটি পুরো শহরে নেমে এসেছে শোক ও আতঙ্কের ছায়া।





