সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

দুবাইফেরত যাত্রীর শরীরে লুকানো ছিল ৩ কোটি ৭৮ লাখ টাকার স্বর্ণ

বাংলার চোখ নিউজ :

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে ১৮টি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। দুবাই থেকে আসা এক যাত্রীর শরীরে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় এসব স্বর্ণের বার লুকানো ছিল। উদ্ধার স্বর্ণের বাজারমূল্য প্রায় ৩ কোটি ৭৮ লাখ টাকা।

সোমবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে বিমানবন্দরের কাস্টমস হল এলাকার গ্রিন চ্যানেলে এ ঘটনা ঘটে।

কাস্টমস গোয়েন্দা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গ্রিন চ্যানেলে সতর্ক অবস্থান নেয় সিআইআইডির কর্মকর্তারা। এ সময় দুবাই থেকে আসা ফ্লাইদুবাইয়ের FZ501 ফ্লাইটের যাত্রী মোহাম্মদ রুহুল আমিনের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। একই সঙ্গে তার সঙ্গে থাকা সব লাগেজ স্ক্যান করা হয়।

পরে শরীরে অবৈধ কোনো পণ্য লুকিয়ে আনা হয়েছে কি না, তা নিশ্চিত হতে ওই যাত্রীকে স্ক্যান করা হলে তিনি শরীরে স্বর্ণের বার লুকিয়ে রাখার কথা স্বীকার করেন।

এরপর বিমানবন্দরে কর্মরত বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার কর্মকর্তাদের উপস্থিতিতে তার শরীর থেকে স্কচটেপে মোড়ানো ধাতব বস্তু উদ্ধার করা হয়। পরে কাস্টমস হলের ইনভেন্টরি টেবিলে সবার সামনে স্কচটেপ খুলে ১৮টি স্বর্ণের বার পাওয়া যায়। প্রতিটি বারের ওজন ১১৭ গ্রাম।

উদ্ধার করা ১৮টি স্বর্ণের বারের মোট ওজন ২ হাজার ১০৬ গ্রাম বা প্রায় ২ কেজি ১০৬ গ্রাম। এসব স্বর্ণের বাজারমূল্য প্রায় ৩ কোটি ৭৮ লাখ টাকা।

এ ঘটনায় আটক যাত্রীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কতৃপক্ষ।

শেয়ার করুন