আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশি নাগরিক, নির্বাচনি দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারী, নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটাররা আইটি-নির্ভর ডাক ভোটের (পোস্টাল ব্যালট) মাধ্যমে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন।
সোমবার (৩ নভেম্বর) নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক জনস্বার্থমূলক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
বার্তায় বলা হয়, আসন্ন জাতীয় নির্বাচনে বিদেশে অবস্থানরত বাংলাদেশি ভোটারসহ নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ব্যক্তি, নিজ ভোটার এলাকা থেকে দূরে কর্মরত সরকারি কর্মকর্তা এবং আইনি হেফাজতে থাকা ভোটারদের জন্য ‘আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট’ ব্যবস্থার মাধ্যমে ভোটদানের সুযোগ রাখা হয়েছে।
ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, এবারই প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিদের ডাকযোগে ভোট দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এ উদ্দেশ্যে ‘পোস্টাল ভোট বিডি’ নামে একটি অ্যাপ চালু করা হবে, যেখানে প্রবাসী ভোটাররা নিবন্ধন করে অংশ নিতে পারবেন।
তিনি আরও জানান, আগামী ১৬ নভেম্বর অ্যাপটির উদ্বোধন করা হবে। উদ্বোধনের সময় কতদিন পর্যন্ত নিবন্ধন প্রক্রিয়া চালু থাকবে, তাও জানানো হবে।